বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের নীলনকশা বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, একদিকে করোনা ভাইরাস মহামারির মধ্যে সরকারের লুটপাট চলছে, অন্যদিকে চলছে বিভিন্ন কলকারখানার শ্রমিক ও কর্মহীন নিরন্ন মানুষ আহাজারি।
ঈদের আগে সব কারখানার কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো খুলে দেওয়া, সরকার ঘোষিত প্রণোদনার টাকা শ্রমিকদের দেওয়া ও বিভিন্ন কলকারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারদলীয় লোকেরাই দুর্নীতি-লুটপাট করে নিজেদের পকেট ভারী করছে। তারা চায় ফ্লাইওভার করতে, বড় বড় রাস্তাঘাট করতে। এটি করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে কাঁচা টাকা আওয়ামী লীগ নেতাদের পকেটে চলে আসে। তাদের উন্নয়নের ছোঁয়া সম্রাট সাহেদদের পকেটে যায়।
বিএনপি মুখপাত্র বলেন, ‘এ কারণে তাদের মেগা প্রজেক্টের দিকে এত নজর। কিন্তু শ্রমিক বাঁচানো, কলকারখানা বাঁচানোর দিকে তাদের কোনো মনোযোগ নেই।’
তিনি বলেন, আজকে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করায় সেসব কারাখানার শ্রমিকদের বাঁচার কোনো অধিকার থাকলো না। তাদের এখন মানবেতর অবস্থা। মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বন্ধ।
রিজভী বলেন, আজকে সরকারের একটি দপ্তরে একটি বটি কিনতে হচ্ছে ১০ হাজার টাকা, একটি চামচ এক হাজার টাকা, ল্যাপটপ কিনতে দাম দেখিয়েছেন দুই লাখ টাকা। এভাবে জনগণের টাকা লুটে নিচ্ছে আওয়ামী লীগ।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।
আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক হুমায়ূন কবির খান প্রমুখ।
