মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩

আপডেট : ২২ জুলাই ২০২০, ১০:০৭ পিএম

মাদারীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাফায়েত শেখ (১৮) ও শাফিন শেখ (১৮) নামে দুই শিক্ষার্থী মারা গেছে।

বুধবার বিকালে জেলার  রাজৈর উপজেলার দুর্গবর্দী এলাকায় এই ঘটনা ঘটে।

অন্যদিকে কালকিনি উপজেলায় দুপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী মিলন নামে একজন নিহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাফায়েত ও শাফিন মোটরসাইকেল যোগে ঘুরতে গেলে রাজৈর থেকে দুর্গবর্দী এলাকায় সড়কে কুকুরের উপর দিয়ে  উঠিয়ে দিলে এ সময় মোটরসাইকল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পড়ে যায়। এ সময় দুইজনই গুরুতর আহত হয়।  গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য  প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে  উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর নেওয়ার পথে শাফিন শেখ ও  সাফায়েত হোসেন রনি মারা যায়।

সাফায়েত শেখ রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের খলিলূর রহমান মোল্লার ছেলে ও সরকারি রাজৈর ডিগ্রী কলেজের এইএইচসি পরিক্ষার্থী । শাফিন শেখ রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সচালক শওকত হোসেনর ছেলে। শাফিন এ বছর এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে, জেলার কালকিনি উপজেলার কর্নপাড়া এলাকায় দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে  বরিশালগামী একটি ট্রাক পেছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা যাত্রী ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যায় এবং ভ্যানচালক ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

কালকিনি পুলিশ ভুরঘাটা থেকে ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। নিহত মিলন মাদারীপুর সদর থানার করদী এলাকার বিল্লাল ভূঁইয়ার ছেলে।

মাদারীপুর ডাসার থানার ওসি আব্দুল ওহাব মিয়া ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি দুইজনই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত