হংকং ও ম্যাকাওতে মার্কিন কনস্যুলেট বন্ধের জোর দাবি

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৯:০৪ এএম

মার্কিন সরকার টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পর পাল্টা ব্যবস্থার কড়া হুমকি দিয়েছে চীন।

বিবিসি জানায়, এর মধ্যে চীনের স্বায়ত্তশাসিত হংকং ও ম্যাকাওতে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়ার জোর দাবি উঠেছে।

এ নিয়ে একটি অনলাইন ভোটিং পরিচালনা করেন চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির মুখপাত্র হিসাবে পরিচিত গ্লোবাল টাইমস। 

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা ব্যবস্থা নিতে কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার মানুষ মতামত দিয়েছে ওই জরিপে। 

এতে অংশ নেয়া ৬৫ শতাংশই বলেছে হংকং এবং ম্যাকাওতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করে দেওয়া উচিত।

গ্লোবাল টাইমসে প্রকাশিত মতামতকে সাধারণত চীনা সরকারের মতামত হিসাবে দেখা হয়।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, কোনো কারণ ছাড়া হিউস্টনে একতরফাভাবে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং ইচ্ছাকৃতভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা।

চীনের এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত এই ‘ভুল সংশোধন’ করা অথবা ‘চীন প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে।

গ্লোবাল টাইমস বলছে, মার্কিন এই পদক্ষেপ ‘নজিরবিহীন’ এবং চীন-মার্কিন কূটনৈতিক সম্পর্কে এটি ‘ভূমিকম্প’ সৃষ্টি করবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ তোলে, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করছে। 

হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার জন্য দুজন চীনা নাগরিককে অভিযুক্ত করা হয়েছে।

একইদিন রাতে টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গোপন নথি পুড়াতে গিয়ে আগুন লাগার এই ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মার্কিন পুলিশ। তবে তাদেরকে কনস্যুলেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

পরদিন বুধবার সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হিউস্টনে চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে  বন্ধের নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত