মঙ্গল গ্রহে প্রথমবারের মতো রোভার যান পাঠাল চীন। স্থানীয় সময় দুপুর ১২.৪০টায় হাইনান আইল্যান্ডের ওয়েনচ্যাঙ্গ স্পেসপোর্ট থেকে এই অভিযান পরিচালনা হয়।
বিবিসি জানায়, একটি লং মার্চ ফাইভ রকেটে করে ছয় চাকার রোবটটি মঙ্গলের উদ্দেশ্যে উড়াল দেয়। ফেব্রুয়ারি নাগাদ এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর কথা।
এই মাসের শেষে মঙ্গলে পঞ্চম রোভার অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। তার এক সপ্তাহ আগেই চীন তার প্রথম রোভার যানটি পাঠাল লাল গ্রহে।
তিয়ানওয়েন-১ বা 'স্বর্গের কাছে জিজ্ঞাসা' নামে এই রোভার যান আরও দুই থেকে তিন মাস মঙ্গলের ভূপৃষ্ঠে অবতরণ করবে না।
১৯৭০ সালের মার্কিন ভাইকিং ল্যান্ডার অবতরণের কৌশলগত সাফল্যের বিষয়টি পর্যবেক্ষণ করবে এটি।
তিয়ানওয়েন-১ এগার দিনের মধ্যে নির্দিষ্ট হওয়া মঙ্গলগ্রহের অভিযানের একটি। এর মধ্যে সোমবার আরব আমিরাত মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে গ্রহটিতে মহাকাশযান পাঠায়।
একাধিকবার সময় পিছিয়ে হোপ নামে এই মহাকাশ যান মঙ্গলে পাঠায় আরব দেশটি। এটিও ফেব্রুয়ারিতে লাল গ্রহে পৌঁছানোর কথা রয়েছে।
৩০ জুলাই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের পরবর্তী প্রজন্মের রোভার অভিযান পরিচালনা করবে মঙ্গলগ্রহে।
