সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলাচলকারী লাব্বাইক পরিবহনে চাঁদাবাজির সময় আনোয়ার হোসেন (৩২) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন নীলফামারির জলঢাকা থানার ইয়াছিন হোসেনের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল এলাকার বাচ্চু মিয়ার বাড়িতে ভাড়া থেকে পরিবহনে চাঁদাবাজি করত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ জানান, আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় লাব্বাইক পরিবহন থেকে চাঁদা আদায়ের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি বাস থেকে চাঁদা আদায়ের সময় আনোয়ার হোসেন নামে এক চাঁদাবাজকে আটক করা হয়। তবে তার সাথে থাকা ৫-৬ জন সঙ্গী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরিবহনে চাঁদাবাজি বন্ধে ঢাকা জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে পুলিশি তৎপরতা বেড়ে যাওয়ায় সড়কে পরিবহন চাঁদাবাজরা না এসে অনেকটাই গোপনে তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আনোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরসহ পলাতকদের আটকে অভিযান চলমান রয়েছে।
