মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর চা বাগানের শ্রমিক রামেশ্বর গড় (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
শুক্রবার দুপুরে পৌর এলাকার ধলাই নদীর রেলওয়ে সেতুর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, গত বুধবার বিকেলে ধলাই নদী পার হতে গিয়ে পানিতে তলিয়ে যায় চা শ্রমিক রামেশ্বর গড়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে পারেনি।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দল ও কমলগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজ চা শ্রমিকের সন্ধান না পাওয়ায় সিলেট ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
শুক্রবার সকালে সিলেট ও কমলগঞ্জ ফায়ার সার্ভিস দলের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে খবর আসে কমলগঞ্জ পৌর এলাকার ধলাই নদীর রেলওয়ে সেতুর পাশে এক যুবকের লাশ ভাসছে। পরে দুপুর ১টায় লাশ উদ্ধার করা হয়।
রামেশ্বর গড়ের ভাই বাবলু গড় লাশটি শনাক্ত করার পর পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, পাহাড়ি ছড়া ও ধলাই নদীতে প্রচুর পানির স্রোতে তার লাশ নিখোঁজ হওয়ার স্থান থেকে ১৪ কি. মি. দূরে চলে গিয়েছিল। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
