করোনা উদাসীনতায়ও জনপ্রিয়তা বেড়েছে বলসোনারোর

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১০:৫২ এএম

করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমালোচনার শেষ নেই। এতে যায়-আসে না তার। করোনাকালে অতি ডানপন্থী এই প্রেসিডেন্টের জনপ্রিয়তা আরও বেড়েছে।

চলতি সপ্তাহে চালানো তিনটি জরিপের ফলাফলে দেখা গেছে, ২০২২ সালের নির্বাচনে সম্ভাব্য বিজয়ী হিসেবে বলসোনারোই ঢের এগিয়ে।

বিশ্বে করোনাভাইরাসের অন্যতম হটস্পট ব্রাজিল। আক্রান্ত-মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই দেশটির অবস্থান। আক্রান্ত সংখ্যা এরই মধ্যে ২৩ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৮৫ হাজার।

৬৫ বছর বয়সী বলসোনারো নিজেও করোনায় আক্রান্ত। এর মধ্যে তিনবার টেস্ট করিয়েছেন, তিনবারই রিপোর্ট এসেছে পজিটিভ।

কভিড-১৯ এর সংক্রমণের শুরু থেকেই অনেক দেশ লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ আরোপ করলেও সেসবের ঘোর বিরোধী ব্রাজিল প্রেসিডেন্ট। এমনকি তাকে মাস্ক পরাতে আদালতের রুলিংয়ের প্রয়োজন হয়েছে। বলসোনারোর মতে, করোনা তেমন কোনো রোগ নয়, সাধারণ ফ্লু জাতীয় সমস্যা।

এসব নিয়ে বলসোনারোর অনেক সমালোচনা। কিন্তু এসবে তার জনপ্রিয়তায় একটুকু ভাটা পড়েনি ‘ক্রান্তীয় অঞ্চলের ট্রাম্প’ হিসেবে পরিচিতি পাওয়া এই রাজনীতিকের। সম্প্রতি অন্তত তিনটি জরিপে তার জনপ্রিয়তা আরও বাড়ার প্রমাণ পাওয়া গেছে।

শুক্রবার ভেজা নামক ব্রাজিলের একটি নিউজ ম্যাগাজিনের প্রকাশিত জরিপে দেখা গেছে, আসছে নির্বাচনের ভোট পাওয়ার সম্ভাবনা ২৭.৫ থেকে ৩০.৭ শতাংশ।

এর অর্থ দ্বিতীয়বার বলসোনারো খুব সহজেই পুনর্নির্বাচিত হবেন। তার সরকারের সাবেক বিচারমন্ত্রী সের্গিও মোরো বা সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা প্রতিদ্বন্দ্বী হিসেবে তেমন কোনো বাধা হতে পারবেন না।

বৃহস্পতিবার পোডার ৩৬০ নামক আরেকটি নিউজ পোর্টালের জরিপে দেখা গেছে, বলসোনারোর জনপ্রিয়তা দুই সপ্তাহ আগের তিন শতাংশ বেড়ে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে।

এর আগে গত সোমবার এক্সপি ইনভেস্টিমেন্টস নামে একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে বলসোনারোর প্রতি মানুষের আস্থা বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাংশ। গত মে মাসে এর হার ছিল ২৫ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত