করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে পালিত হয়েছে সাংবাদিক, নারী অধিকার আন্দোলনের অন্যতম সংগঠন, সাবেক সাংসদ বেবী মওদুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। গতকাল শনিবার সকালে বনানী কবরস্থানে পরিবারের সদস্যরা কবর জিয়ারত এবং পুষ্পমাল্য অর্পণ করে।
২০১৪ সালে ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেবী মওদুদ। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিশুসাহিত্যিক, সাংস্কৃতিককর্মী, নারীনেত্রী ও সচেতন রাজনৈতিক কর্মী হিসেবেও পরিচিত ছিলেন।
তিনি ১৯৪৮ সালের ২৩ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। তার সার্টিফিকেট নাম এ এন মাহফুজা খাতুন। তবে সবার কাছে পরিচিত ছিলেন বেবী মওদুদ হিসেবে। তার বাবা বিচারপতি আবদুল মওদুদ পূর্বপাকিস্তান হাইকোর্টের বিচারপতি ছিলেন। বেবী মওদুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৭-৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রী সংসদের নির্বাচিত সদস্য ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধের আগে তিনি পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময়ে বেবী মওদুদ ঢাকায় কবি সুফিয়া কামালের সঙ্গে থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তায় বিভিন্ন কর্মকান্ডে যুক্ত হন।
নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের নারী সংরক্ষিত আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শেখ হাসিনা ও বেবী মওদুদ সহপাঠী ছিলেন।
