বংশালে গ্যাস বিস্ফোরণ

ভাইয়ের পর দগ্ধ বোনেরও মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৭:১১ এএম

রাজধানীর বংশালের কসাইটুলীতে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় ভাই মইনুলের পর দগ্ধ শিশু জান্নাতুল ইসলামও (৫) মারা গেছে। গত শুক্রবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কসাইটুলী ৪৪/১ নম্বর শিমুলের দ্বিতীয় তলা বাড়ির নিচতলায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়ালচাপায় ঘটনাস্থলেই মারা যায় জান্নাতের ছোট ভাই ৩ বছরের মইনুল। তাদের বাবা জাবেদ হোসেন ৩৭ শতাংশ ও মা শিউলি আক্তার ১৭ শতাংশ দগ্ধ নিয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জান্নাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জান্নাতের শ্বাসনালিসহ শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।’ চাচা মো. তফসির জানান, ঘটনার দিন থেকেই জান্নাতুলকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল। তার অবস্থা সংকটাপন্ন ছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত