বিদেশি শিক্ষার্থী প্রবেশ বন্ধে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৭:২০ এএম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন নিষেধাজ্ঞা প্রত্যাহারের এক সপ্তাহের মাথায় এ নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তারা। তাদের মতে, কেবলই অনলাইননির্ভর কোর্সে ভর্তির জন্য নতুন করে কোনো বিদেশি শিক্ষার্থীকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। অনেক বিশ্ববিদ্যালয়ই করোনা পরিস্থিতিতে তাদের সামগ্রিক ক্লাস-কার্যক্রমকে অনলাইনভিত্তিক করার চিন্তাভাবনা করছে। যুক্তরাষ্ট্রের এই নতুন ঘোষণার কারণে সেসব কোর্সে ভর্তির সুযোগ পাবেন না নতুন কোনো বিদেশি শিক্ষার্থী। গত ৬ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক ঘোষণায় বলা হয়, আসন্ন শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছেড়ে যেতে হবে। প্রশাসনের এই ঘোষণার বিরুদ্ধে মামলা দায়ের করে কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। এর এক সপ্তাহের মাথায় নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন। আর এবার সেই সিদ্ধান্তেও বদল আনল যুক্তরাষ্ট্র কর্র্তৃপক্ষ। কলেজ কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেমোতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বাস্তবায়ন (আইসিই) বিভাগ জানিয়েছে, নতুন যেসব শিক্ষার্থী গত ৯ মার্চের মধ্যে ভর্তি হননি তারা পুরোপুরি অনলাইননির্ভর কোনো বিষয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত