ডায়েরি লেখার উপকারিতা

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৭:২৩ এএম

ডায়েরি লেখার উপকারিতা অনেক। সময়কে জীবন্ত করে রাখার অনন্য হাতিয়ার ডায়েরি। নিয়মিত রোজনামচা লিখলে বাড়ে ভাষাগত দক্ষতা। জীবনযাপন হয় গোছালো ও পরিমার্জিত। তৈরি হয় ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ। তাই স্কুলজীবন থেকেই ডায়েরি লেখার অভ্যাস করো। লিখেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ইউশা আসরার

ভুলগুলোকে জানো : আজ যে কাজটা ঠিক ভেবে করে ফেললে, সেই কাজটাই কাল তোমার কাছে ভুল মনে হচ্ছে কি না, তা ভেবে দেখার উপযুক্ত সুযোগ করে দেবে ডায়েরি লেখার অভ্যাস। ডায়েরি পড়ে পরে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে, বুঝতে পারবে, তুমি ইতিবাচকভাবে বদলেছো, নাকি নেতিবাচকভাবে।

আগামীকালের ‘তুমি’র জন্য পেছন ফিরে দেখার মতো কিছু একটা রেখে যাও। সেলফ অ্যাসেসমেন্ট করো। স্কুল ফাঁকি দিয়ে মুভি দেখতে গিয়েছিলে কিংবা প্রতিদিন ফেইসবুকে সাত-আট ঘণ্টা করে নষ্ট করেছিলে বলে ফার্স্ট টার্মের রেজাল্ট খারাপ হয়েছিল, সেকেন্ড টার্ম শুরু হওয়ার আগে ডায়েরিটা একবার পড়ে নিলেই বুঝতে পারবে, কী ভুল করেছিলে।

স্মৃতি ধরে রাখো : কয়েক বছর পর যে জিনিসটা কাজে আসবে তা হলো তোমার অভিজ্ঞতা। ফেইসবুকে পিকনিকের ছবি আপলোড করে হয়তো লাইক-কমেন্ট পাওয়া যাবে, কিন্তু পিকনিকে কী কী হলো, কার জামা ছিঁড়ে গিয়েছিল, কে চালাকি করে দুবার খাবার নিয়েছিল ডায়েরিতে লিখে রাখলে কোনো এক দিন তা তোমার মুখে জেনুইন হাসি এনে দেবে। তাই লিখে রাখো তোমার যতসব দুষ্টুমির গল্প। এক দিন তোমার সন্তানরা এসব পড়ে পড়ে হাসবে আর বলবে, আমাদের বাবাও আমাদের মতো দুষ্টু ছিলেন!

লিখতে লিখতে লেখক : লেখালেখির শখ থাকলে বা লেখার দক্ষতা বাড়াতে চাইলে ডায়েরি লেখা খুবই কার্যকর। তোমার পছন্দের ভাষায় লিখতে পারো তোমার দৈনন্দিন জীবনের কথা। প্রতিদিন লেখা না হলেও সপ্তাহে তিন-চারবার লেখার অভ্যাস করতে পারো। জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ব্যাখ্যা করে লেখার সময় তুমি নিজের দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হতে পারবে। এভাবেই হয়ে উঠবে একজন লেখক।

ডায়েরি লেখার অ্যাপ : ডায়েরি যে কাগজ-কলমেই লিখতে হবে এমন কোনো কথা নেই। মোবাইল অ্যাপেও লিখতে পারো তোমার রোজনামচা। এমন কিছু অ্যাপ হচ্ছে enzu, Diaro, Journey-Diary, Journal, Daylio ইত্যাদি। এসব অ্যাপের ইউজার ইন্টারফেস তোমার স্বাচ্ছন্দ্যে ডায়েরি লেখার ক্ষেত্রে কাজে দেবে।

এখানে লেখার পাশাপাশি ছবি এটাচ করা, ম্যাপে তোমার অবস্থান এটাচ করা, ক্যালেন্ডার মার্কিং করা ইত্যাদি অপশন রয়েছে। পাসকোড দিয়ে তোমার ডায়েরি এনক্রিপ্টেড করে রাখতে পারবে। কিছু অ্যাপ আছে যেখানে তোমার কিছু লিখতে হবে না, তোমার মুড আর সারা দিনের হাজারো এক্টিভিটি থেকে তোমার এক্টিভিটি সিলেক্ট করে ডায়েরি এন্ট্রি সেভ করতে পারবে। মাসের শেষে অ্যাপ তোমাকে মান্থলি মুড চার্টও দেখাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত