রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোড এলাকায় তানজিল পরিবহনের একটি বাসের ধাক্কায় মশিউর রহমান হাসান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই বাসেরই চেকার হিসেবে চাকরি করতেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তানজিল পরিবহনের সুপারভাইজার আতর আলী জানান, জসিম উদ্দিন রোডে বাসের যাত্রী চেক করতেন হাসান। সকালে একটি বাস সিগন্যাল দিয়ে দাঁড় করানোর সময় ওই বাসেরই ধাক্কা লাগে হাসানের। এতে তার মাথাসহ শরীরে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে সহকর্মীরা উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার বয়রা গ্রামে। বর্তমানে মিরপুর-১, ই ব্লকে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি।