কলাপাড়ায় কৃষক লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৮:০৭ এএম

পটুয়াখালীর কলাপাড়া পৌর কৃষক লীগ সভাপতি এস এম মরতুল্লা সৌরভ ওরফে মনু সিকদারের সংখ্যালঘু সম্প্রদায় ও মসজিদ-মাদ্রাসার সম্পত্তি জবরদখলসহ নানা অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান ও পরিবারবর্গ।

গতকাল শনিবার বেলা ১২টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পড়েন মনিবুর রহমান। এ সময় সুনির্মল হাওলাদার, হাজী ওয়াজেদ আলী মাস্টারবাড়ী মসজিদ কমিটির হারুন হাওলাদার, হাজী ওয়াজেদ আলী ওয়াকফ স্টেটের এম রিফাত ইসলাম, খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মনিবুর রহমান বলেন, কলাপাড়া পৌর কৃষক লীগ সভাপতি এস এম মরতুল্লা ওরফে মনু সিকদার দলীয় ক্ষমতার অপব্যবহার করে মসজিদ, মাদ্রাসা, সংখ্যালঘু মানুষের জমি দখল ও চাঁদাবাজি করে আসছেন। এলাকার হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে দমনপীড়ন করছেন। বায়োজ্যেষ্ঠসহ বিভিন্ন বয়সী মানুষকে শারীরিক নির্যাতন, সাধারণ মানুষের প্রাপ্য টাকা না দেওয়া, মাদক ও অনৈতিক কর্মকা- তার নিত্যদিনের কাজ।

সুনির্মল হাওলাদার বলেন, কয়েক বছর আগে জমির সীমানা ভেঙে দিয়েছে সৌরভ। জমিতে ঘর তুলতে গেলে বাধা প্রদান করে। ২০১১ সাল থেকে মামলা চললেও তার হামলার ভয়ে মুখ খুলতে পারছি না।

খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, মাদ্রাসা ক্যাম্পাসের ২ দশমিক ২৭ একর জমি ২০০৯ সাল থেকে দখলে নেওয়ার জন্য সৌরভ ও তার পরিবার বিভিন্ন মানুষের নামে সাইনবোর্ড টানিয়ে হয়রানি করছে। বিভিন্ন সময় অধ্যক্ষসহ-শিক্ষকদের লাঞ্ছিত করেছে।

হাজী ওয়াজেদ আলী মাস্টারবাড়ী মসজিদ কমিটির হারুন হাওলাদার বলেন, ২০১৭ সালে মসজিদের জমি দখলের চেষ্টা করে সৌরভ সিকদার। ওই মামলা আদালতে বিচারাধীন।

তবে এ বিষয়ে এস এম মরতুল্লা সৌরভ ওরফে মনু সিকদার বলেন, আমার পরিবারের দীর্ঘদিনের ক্লিন ইমেজের রাজনৈতিক পরিচয়কে বিতর্কিত করার জন্য একটি চক্র ষড়যন্ত্রে নেমেছে।।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত