গোপালগঞ্জে তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার গোবরা ইউনিয়নবাসী এ কর্মসূচি পালন করেন।
রবিবার সকাল ১০টায় ঘোনাপাড়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আযোজন করা হয়।
এ সময় বিচারের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যসহ ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টুটুল, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরীফুল আলম রনি বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা দ্রুত তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে মানববন্ধন শেষে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, গত ৩ জুলাই গোপালগঞ্জে মসজিদ কমিটি গঠনের দ্বন্দ্বের জের ধরে সদর উপজেলার চর বয়রা গ্রামে তুহিন মোল্যাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় নিহতের বড় ভাই আরেফিন মোল্যা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
