চট্টগ্রামে অনুমোদনহীন গাড়ি তৈরি ও বিক্রি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলীর ঈদগাহ পশ্চিম নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তাররা বিদেশ থেকে গাড়ির পার্টস এনে অনুমোদন ছাড়া গাড়ি তৈরি এবং সাধারণের কাছে বিক্রি করত।
গ্রেপ্তাররা হলো নাছির উদ্দিন ওরফে রনি (৩২), জহির উদ্দিন (৪৫) ও মো. নুরুজ্জামান (২২)।
সিএমপির গোয়েন্দা বিভাগের (বন্দর) অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিক জানান, প্রতারকরা গাড়ির কাগজপত্র সংগ্রহ করে জালিয়াতির মাধ্যমে গাড়ির নম্বর প্লেট, ইঞ্জিন ও চেসিস নম্বর খোদাই করে অসৎ উদ্দেশ্যে কেনা-বেচা করত। সরকারি রাজস্ব ফাঁকি দিতেই জালিয়াতির মাধ্যমে তারা এসব গাড়ি তৈরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করত। তাদের থেকে অবৈধ দুটি পিকআপ এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
