সিলেটে স্কুলমাঠে পশুর হাট প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৮:১২ এএম

সিলেট সদর উপজেলার লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর প্রতিবাদে এবং মাঠ থেকে অবিলম্বে হাট অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

গতকাল রবিবার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, সদর উপজেলায় একাধিক উন্মুক্ত স্থান থাকা সত্ত্বেও লাক্কাতুরা চা-বাগানের ভেতরে স্কুলমাঠে পশুর হাট বসানো হচ্ছে। এখানে হাট না বসাতে স্কুল, বাগান কর্তৃপক্ষ, চা শ্রমিকসহ সবাই আপত্তি জানিয়েছে। কিন্তু এত আপত্তি উপেক্ষা করে কার স্বার্থে পশুর হাট বসানো হচ্ছে বক্তারা সেই প্রশ্ন তোলেন।

বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সামাজিক সংগঠন ভূমি সন্তান বাংলাদেশ-এর সমন্বয়ক আশরাফুল কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন মনজু, বাপা সিলেটের যুগ্ম সম্পাদক ছামির মাহমুদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত