নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুলতানবাগ এলাকা থেকে মো. সবুজ শেখ (২৬) নামে ওই সদস্যকে গ্রেপ্তার করা হয়। সবুজ ফরিদপুরের শালথা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।
গতকাল মঙ্গলবার এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে রূপগঞ্জের সুলতানবাগ থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়। সবুজ মোবাইল ফোনের মাধ্যমে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করছিল। তার ব্যবহৃত মোবাইলটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে এবিটির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আসলাম খান আরও জানান, সবুজ অনলাইনে ‘সত্যের সন্ধানে’ ছদ্মনাম ব্যবহার করে এবিটির দাওয়াতি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল।
