বয়স ৪০ পেরিয়ে গেছে। এই বয়সের কোনো স্থানীয় মানুষকে ভারতীয় আইনে বিদেশি প্রমাণের সুযোগ নেই। তবু আহমেদাবাদ পুলিশ আমির শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আইনজীবী যেন তার সঙ্গে দেখা করতে না পারেন চলছিল সেই তোড়জোড়ও।
শেষ পর্যন্ত সফল হয়নি পুলিশ। গুজরাট হাইকোর্ট থেকে বলা হয়েছে, বিচারিক কর্মকর্তার উপস্থিতিতে আমিরের সঙ্গে দেখা করতে পারবেন তার আইনজীবী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আমিরের মা রশিদা শেখ নিজের পরিবারকে ভারতীয় দাবি করে পিটিশন দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, ২০০২ সালের দাঙ্গার পর পরিবার নিয়ে তিনি চান্দোলা লেকের কাছে চলে আসেন।
তিনি ইতিমধ্যে আধার কার্ড, জন্মনিবন্ধন-সহ নাগরিকত্ব প্রমাণের সব ডকুমেন্ট উপস্থাপন করেছেন। তবু পুলিশ বলছে, এসব খতিয়ে দেখতে হবে।
রশিদার পরিবারের জন্য আইনি লড়াইয়ে নেমেছেন আইনজীবী আনন্দ ইয়াগনিক।
আনন্দর দাবি, আমির ভারতীয় নাগরিক। সিএএ’তে বলা হয়েছে, ১৯৮৭ সালের আগে করো জন্ম হলে তাকে বিদেশি বলার সুযোগ নেই। আমিরের বয়স ৪০, তাই তিনি অবশ্যই ভারতীয় নাগরিক।
আমিরের আইনজীবী আগে তার সঙ্গে দেখা করতে চাইলে রাজ্য সরকার থেকে আপত্তি জানানো হয়। আইনজীবীর সঙ্গে পুলিশ থাকবে, এমন দাবি করে কর্তৃপক্ষ। পরে আনন্দ গুজরাট হাইকোর্টে যান।
