নীলফামারীর সৈয়দপুরে ভিজিএফের চাল না পেয়ে ইউনিয়ন পরিষদ ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন সহস্রাধিক সুবিধাভোগী। বুধবার দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীরা জানান, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফের আওতায় ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৯ হাজার ৯৯৮ জনের প্রত্যেকের ১০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। বিগত তিন দিন এসব সুবিধাভোগীর মধ্যে চাল নেওয়ার সিস্নপ বিতরণ করা হয়।
কিন্তু সকালে চাল নিতে এলে চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বিতরণ কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। এতে স্লিপধারীরা চাল না পেয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত চাল দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘চাল শেষ হয়ে যাওয়ায় বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এতে চার শতাধিক স্লিপপধারী বিক্ষুব্ধ হন। তাদের বৃহস্পতিবার চাল দেওয়া হবে। বরাদ্দ চালের একটি অংশ এতিমখানায় দেওয়ায় এ সংকট তৈরি হয়েছে।’
