যে দেশের ওপর এই মুহূর্তে ভ্রমণ নিষেধাজ্ঞা নেই, সেই সব দেশে একটানা ১৪ দিন কাটিয়ে কুয়েতে যেতে পারবেন বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকেরা। দেশটির সিভিল এভিয়েশনের মহাপরিচালক শনিবার বিবৃতির মাধ্যমে নতুন এই নির্দেশনা দিয়েছেন।
আরব টাইমস জানিয়েছে, এর আগে ৩০ জুলাই যে নির্দেশনা জারি করা হয়েছিল সেটি এখন বাতিল করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে সরাসরি এই ৩১টি দেশ থেকে কুয়েতে প্রবেশ করা যাবে না: বাংলাদেশ, ফিলিপাইনস, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, ইরান, নেপাল, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া এন্ড হার্জেগোভনিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, মিসর, লেবানন, হংকং, ইতালি, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টিনেগ্রো, ডমিনিকান রিপাবলিক এবং কসোভো।
এখন কোনো বাংলাদেশি যদি কুয়েতে যেতে চান, তাহলে তাকে এই ৩১ দেশ বাদে অন্য কোনো দেশে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
