সড়কে ৩ মোটরসাইকেল আরোহী, ১ রিকশাচালকের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১২:২৯ এএম

ঈদের পরদিন রবিবার রাতে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদর মধ্যে নীলফামারীতে তিন এবং মাদারীপুরে একজন নিহত হন। 

নীলফামারীর কিশোরগঞ্জে নৈশ কোচের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের গঙ্গাচড়ার দক্ষিণ কোলকোন্দ গ্রামের লিটন হোসেন স্ত্রী রুমা আক্তার (২৬), তাদের শিশু ছেলে আব্দুর রাহিম (৪) এবং লিটনের শ্যালিকা আদোরী আক্তার (১৯)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় স্ত্রী, ছেলে ও শ্যালিকাকে নিয়ে মোটসাইকেলে রণচণ্ডি ইউনিয়নের মাঝাপাড়ার আহাদ আলীর বাড়ি থেকে নিতাই ইউনিয়নের কালিকাপুর গ্রামে নানা শ্বশুর শাহেদ আলীর বাড়ি যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি নৈশ কোচ মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে লিটনের স্ত্রী, ছেলে ও শ্যালিকা ঘটনাস্থলেই মারা যান। তবে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ভাগ্যক্রমে বেঁচে যান মোটরসাইকের চালক লিটন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিৎ করে বলেন,‘তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় বাসটিকে আটক করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

অপরদিকে মাদারীপুরের যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় অটোরিকশাচালক আব্দুর রব সরদার (৫০) নিহত হয়েছেন। এ সময় রিকশায় থাকা এক যাত্রী আহত হয়েছে। 

রবিবার রাতে মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকার চীন মৈত্রী আচমত আলী খান সেতুর উপরে পশ্চিম পাশে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

পুলিশ জানায়, রাতে একটি রিকশা একজন যাত্রী নিয়ে সেতুর ওপর দিয়ে মাদারীপুর শহরে আসছিল। পথে একটি বড় গাড়ি ধাক্কা দিয়ে চলে গেলে রিকশাটি যাত্রীসহ ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় যাত্রী  ও রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসারর আগেই রিকশাচালক আব্দুর রব মারা যান। আহত যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। 

পরে পুলিশ রাত ১১টার দিকে জানায় মৃত রিকশাচালক মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকার  সাদেল সরদারের ছেলে।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার( আরএমও) ডাক্তার অখিল সরকার জানান, আমাদের হাসপাতালে সড়ক দুর্ঘনার দুজন মানুষ আসে। একজন হাসপাতালে আনার আগেই মারা যান। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

মাদারীপুর সদর থানার এসআই মো. ইব্রাহিম জানান, সড়কদুর্ঘনায় নিহত ব্যাক্তির পরিচয় পেতে একটু সময় লাগলেও আমরা পরিবারের কাছে মৃত ব্যক্তির লাশ হস্তান্তর করতে পারব। আর যে মানুষটি আহত হয়েছিল তার সঙ্গে আামাদের দেখা হয়নি, সে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত