ঢাকা-কলকাতা উড়োজাহাজ ছাড়লেই প্রথম যাত্রী হবো: জয়া আহসান

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৫:১৮ পিএম

মোটামুটি ২০১৫ সাল থেকে কলকাতার সিনেমায় ব্যস্ত জয়া আহসান। করোনা পরিস্থিতিতে গত চার মাস সেই শহর থেকে দূরে ছিলেন, যা এই পাঁচ বছরে আর ঘটেনি। এবার জানালেন, ঢাকা-কলকাতা উড়োজাহাজ চালু হলেই প্রথম যাত্রী হিসেবে থাকবেন তিনি।

আনন্দবাজার পত্রিকাকে জয়া বলেন, “কলকাতা আমার জীবনে বিচ্ছিন্ন কিছু নয় আর। ঢাকা যদি হয় শেকড়, কলকাতায় আমি আমার ডালপালা মেলেছি। ওই যে আমার বাড়ির জানলা, তা তো যে কোনো বাড়ির চোখ। কলকাতার বাড়ির এই দীঘল চোখের জানলাটাই ছিল আমার মুক্তির দরজা। এর ভেতর দিয়ে বয়ে আসা হাওয়ার ঝাপট কোথায় উড়িয়ে নিয়ে যেতো আমার ক্লান্তি, আমার অবসন্নতা। আহা, আমার মন–ভালোর জানলা!”

আরও বলেন, “(ঘূর্ণিঝড়) আম্পানের সময় খুব ভেঙে পড়েছিলাম। কাছে যেতে পারছিলাম না। দূর থেকে ওই দৃশ্য দেখা… এখন তো শুনছি ভারতের অবস্থাও সঙ্গীন। যে মানুষগুলোর সঙ্গে রোজ কাজ করেছি তাদের কী অবস্থা? খুব আকুল হয়ে আছি।”

“বর্ডার তো সিল করে দেওয়া আছে। যে দিন প্রথম ঢাকা থেকে বাংলাদেশ বিমান উড়বে সে দিন প্রথম যাত্রী বোধহয় আমিই হবো। মাঝে ভেবেছিলাম, রোড ট্রিপ করে কলকাতা চলে যাই! সেখানেও পথ বন্ধ।”

গৃহবন্দি অবস্থায় বাগান করেছেন, ছবি দেখেছেন জয়া। বলেন, “কিন্তু একটা বইও পড়তে পারিনি। মনই বসছিল না! একটা মাছকে যদি জল থেকে বাইরে রাখা হয়? সে কেমন রাখা? এত দিন শুটিং ফ্লোরের বাইরে আমি! জুন থেকে শুট শুরু করার কথা ছিল।” ভারত-বাংলাদেশের যাতায়াতের অবস্থা কী হবে জানেন না তিনি। মনে করেন ইন্ডাস্ট্রির অপরিসীম ক্ষতি। এক দিকে ক্ষতি, আর এক দিকে নিজেদের শুধরে নেওয়ার অনুভূতি। বললেন, “কখনো যুদ্ধ দিয়ে মানবজাতির সংশোধন হয়েছে, এবার মহামারি দিয়ে হলো।”

সম্প্রতি কলকাতার সংগীতকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর একটি ছবিতে জয়া আহসানের যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ছবিটির নাম ‘অসতো মা সদগময়’। ইন্দ্রদীপের ভাবনাতেই করোনা পরিস্থিতি ফ্রেমে তুলে ধরবেন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে দুই তারকা ‘রবিবার’ নামের একটি ছবি করেন।

মানবজীবন কীভাবে করোনা আবহের কঠিন সময়ের সঙ্গে যুঝে চলেছে, সেই গল্পই ইন্দ্রদীপের হাত ধরে ফুটে উঠবে পর্দায়। জয়া-প্রসেনজিতের সঙ্গে আরও অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়।

জয়াকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘রবিবার’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে অর্ধাঙ্গিনী, বিনি সুতোয়, ভূতপরী ও ঢাকার ‘অলাতচক্র’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত