বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন-আল-রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম যৌথ বিবৃতিতে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় পরবর্তী পরিস্থিতির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ দায়ী থাকবে।
তারা বলেন, বিরূপ পরিপত্র জারি করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে। সরকারের বিমাতৃসুলভ আচরণ, ভুল সিদ্ধান্ত, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নকল ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী প্রদানে ইতিমধ্যে শতাধিক চিকিৎসক শাহাদাৎ বরণ করেছেন।
তারা বলেন, সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা ও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে উপনীত হলো। ড্যাব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এরূপ হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস আবির্ভাবের শুরু থেকেই সারাবিশ্ব যখন সম্মুখযোদ্ধাদের বিভিন্নভাবে সম্মানিত করছে, উৎসাহিত করছে তখন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ আমাদের বীর সেনানীদের অপমান, অপদস্থ করে নিরুৎসাহিত করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।
