হবিগঞ্জের বানিয়াচঙ্গের একটি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতপুর পাঁচকেরির হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করে স্থানীয়রা।
এ নিয়ে নৌকাডুবিতে তিনজনের মৃত্যু হল। তারা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকড়া গ্রামের আলী নূর (৩৮), তার ছেলে খোকন (৭) ও দোলন আক্তার (২৮)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রী নিয়ে শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। বিকেলে রহমতপুর গ্রামের কাছে পাঁচকেরির হাওরে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২-৩ জনকে উদ্ধার করলেও ৩ জন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দোলন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ হন দোলন আক্তারের ভাই আলী নূর ও ভাতিজা খোকন। সন্ধ্যা পর্যন্ত খুঁজেও তাদের সন্ধান পাননি ডুবুরিরা। ফলে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
বুধবার সকালে স্থানীয়রা হাওরে বাবা-ছেলের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। মরদেহ দুটি উদ্ধার করে দাফন করা হয়েছে।
বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, মঙ্গলবার নিখোঁজদের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
