উটকো ঝামেলায় প্রিয়াঙ্কা-দীপিকা

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৮:০৭ এএম

ভারতীয় তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের ভক্তের সংখ্যা সব থেকে বেশি। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রাম, ফেইসবুক কিংবা টুইটারে দুই অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা তাক লাগিয়ে দেওয়ার মতো। কিন্তু এ দুজনের নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের ছড়াছড়ি। তাদের প্রত্যেকটি সোশ্যাল হ্যান্ডেলেই লাখ লাখ ফলোয়ার। এবার অভিযোগ উঠেছে, তারা ফলোয়ার বাড়ানোর জন্য টাকা খরচ করেন। যদিও এর কোনো প্রমাণ নেই মুম্বাই পুলিশের কাছে। তবে এ সবকটি অ্যাকাউন্টই যে ‘পেইড’ অর্থাৎ এগুলোর পেছনে কেউ টাকা ঢালছেন, তার নাকি প্রমাণ রয়েছে। আর সেই প্রমাণের জেরেই নাকি প্রিয়াঙ্কা ও দীপিকাকে হাজিরা দিতে হতে পারে থানায়! মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার বিনয় কুমার চৌবে সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে তারা এরকম ৫৪টি ফার্ম খুঁজে পেয়েছেন, যারা এসব ফেক অ্যাকাউন্ট দেখাশোনা করে। তাই সোশ্যাল মিডিয়ায় এ ফেক আইডি চালানো ফার্মগুলোর কার্যকলাপ ফাঁস করতে ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার সেলের কয়েকজনকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। এরই মধ্যে অভিষেক দিনেশ দাউদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ফেক আইডি সংক্রান্ত কার্যকলাপে জড়িত। শুধু প্রিয়াঙ্কা ও দীপিকা নন, ফেক আইডি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আরও ১৭৪ জন হাইপ্রোফাইল ব্যক্তিকে। এ তালিকায় বেশ কয়েকজন তারকার নামও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত