বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ডুবে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১২:৫০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আল আমিন হোসেন (২২) নামের এক কলেজ ছাত্র মারা গেছেন। বুধবার রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের রোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আল আমিন উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গত বছর মির্জাপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলো বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুইচতারা গ্রামের বাসিন্দা ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম।

জানা গেছে, বুধবার বিকেলে আল আমিন ও তার গ্রামের কয়েকজন বন্ধু মিলে নৌকাযোগে রোয়াইল বাজারের সাপ্তাহিক হাটে ঘুরতে যায়। এরপর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সবাই মিলে পানিতে নিমজ্জিত মির্জাপুর-উয়ার্শী-বালিয়া আঞ্চলিক সড়কে গোসল করতে নামে। সবার অগোচরে আল আমিন পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় না দেখে বন্ধুরা তাকে খুঁজতে থাকেন।

পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে রাস্তায় পানি থাকায় তারা পৌঁছাতে পারেনি। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে রোয়াইল বিল থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত