ভারতের কেরালায় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী এক বিমান বিধ্বস্তে ব্যাপক হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেট ব্যক্তিত্বরা।
কেরালার কোঝিকোড় কালিকট বিমানবন্দরে শুক্রবার রাতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী বিমানটি। এতে নিহত হয়েছেন ২০ যাত্রী, আহত হয়েছেন ১২০ জনের বেশি মানুষ।
এই বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক প্রকাশ করে টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি টুইটারে লিখেছেন- “কোঝিকোড় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি। প্রাণ হারানো মানুষদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইল।”
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের উদ্দেশ্যে টুইটারে সমবেদনা জ্ঞাপন করেছেন মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকার- “ভয়াবহ এই দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন পরিবারের প্রতি গভীর সমবেদনা।”
ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন- “কোঝিকোড়ে দুর্ঘটনার কবলে পড়া বিমানের যাত্রী এবং কর্মীদের জন্য প্রার্থনা করছি। ভীষণ আতঙ্কের খবর।”
কোঝিকোড়ের ঘটনাকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেছেন সাবেক ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীর। বিমান দু’টুকরো হয়ে যাওয়ার ছবি দেখে তিনি রীতিমতো ‘আতঙ্কিত’ বলে জানিয়েছেন বিজেপি এই সাংসদ।
