আর্থিক অনিয়মের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন কাপাসিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমান সহকারী অধ্যাপক (রসায়ন বিভাগ) মুহা. ওয়াজিদুর রহমান খান, কলেজের অফিস সহকারী বাবু স্বপন কুমার পাল ও অফিস সহায়ক ফরিদ উদ্দিন। সূত্র জানায়, গত বছর কাপাসিয়া কলেজের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. ওয়াজিদুর রহমান খানের বিরুদ্ধে ফরম পূরণে অনিয়মসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে ওঠে। তদন্তে অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়।
