চেক প্রজাতন্ত্রে একটি বহুতল ভবনে আগুন লেগে তিন শিশুসহ মোট ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উত্তরাঞ্চলীয় শহর বহুমিনের এই ঘটনায় পুলিশ তদন্তের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। শনিবার স্থানীয় সময় বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১১তম ফ্লোরে মারা যান ৬ জন। বাকি পাঁচজন আগুন থেকে বাঁচতে লাফ দেন।
দমকল বাহিনীর দুই সদস্যসহ মোট দশজন আহত হয়েছেন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
সরকারের পক্ষে থেকে আগুনের এই ঘটনাকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে বাজে’ বলে মন্তব্য করা হয়েছে।
বহুমিন শহরটি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ থেকে ৩৮০ কিলোমিটার দূরে।
কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কীভাবে আগুন লেগেছে তদন্তকারীরা তা জানার চেষ্টা করছেন।
চেক প্রজাতন্ত্রে বছর দুই আগে একটি কয়লাখনি বিস্ফোরণে ১৩ জান মারা যান। ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন পোল্যান্ডের আর বাকি দুজন চেক প্রজাতন্ত্রের নাগরিক ছিলেন।
