হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৩:৪৯ পিএম

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা। তিন দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৯০ থেকে ৯৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে বন্দর দিয়ে ৫ আগস্ট বুধবার ১৬ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার ৬ ট্রাক ও গতকাল ৮ আগস্ট শনিবার ২২ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে।

বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়ায় রাজস্ব আহরনও বেড়েছে। গতকাল একদিনেই কাঁচামরিচ থেকে ৩৪ লাখ টাকার মতো রাজস্ব আহরণ করেছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও কাঁচা মরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে।

ঈদের কারণে টানা ৫দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম বেড়ে গিয়েছিল। বাড়তি দাম ও চাহিদাকে ঘিরে বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। গতকাল একদিনেই বন্দর দিয়ে ২২ ট্রাকে ১৭২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। একইভাবে দেশের বিভিন্ন বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হওয়ার কারণে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। আর এটা কাঁচামাল আমদানি বেশি হলে দাম কমবে আর কমলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত