করোনা পরীক্ষায় ব্র্যাকের বুথ চালু ৩১ ডিসেম্বর পর্যন্ত

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৫:৪৫ এএম

রাজধানীতে কভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য স্থাপিত সব বুথই সচল রাখতে নতুন করে তহবিল পেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। গ্লোবাল ফান্ড থেকে পাওয়া তহবিল বুথগুলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সচল রাখতে সহায়তা করবে বলে জানিয়ে সংস্থাটি। 

গতকাল প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ৮ আগস্ট বেশ কয়েকটি সংবাদমাধ্যম ‘ব্র্যাকের ৩৮ করোনা পরীক্ষার বুথ বন্ধ হয়ে যাচ্ছ ’Ñএমন খবর প্রকাশ করে। খবরটি ছাপা হয় স্বাস্থ্য অধিদপ্তরকে লেখা ব্র্যাকের একটি চিঠির ভিত্তিতে। যেখানে সংস্থাটি জানিয়েছিল ৩১ আগস্টের পর এই বুথগুলো চালু রাখা তাদের পক্ষে সম্ভব হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ছয় মাস ধরে ভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করতে সারা দেশে ৯৭টি বুথ পরিচালনা করে আসছে ব্র্যাক। এই বুথগুলো ব্র্যাকের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। কিন্তু তহবিল সংকটে রাজধানীর ৪০টি বুথ ৩১ আগস্টের পর থেকে আর চালানো সম্ভব হবে না বলে ঈদের আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানিয়েছিল ব্র্যাক। একই সময়ে ব্র্যাক তার দাতা সংস্থা এবং অংশীজনদের সঙ্গে এ ব্যাপারে তহবিল সংগ্রহের জন্য যোগাযোগ করে যাচ্ছিল। অতি সম্প্রতি ব্র্যাক গ্লোবাল ফান্ডের কাছ থেকে একটি তহবিল পেয়েছে, যা সংস্থাটিকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর বুথগুলো চালিয়ে যেতে সহায়তা করবে। সোমবার (১০ আগস্ট) এই সংক্রান্ত আরেকটি চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানোর কথা। কিন্তু এই চিঠি পাঠানোর আগেই সংবাদটি প্রকাশ হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংকটকালে সরকার ও জনগণের পাশে থেকে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করতে ব্র্যাক প্রতিজ্ঞাবদ্ধ। মহামারীতেও সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে এবং দাতা ও অংশীজনদের সহায়তায় ব্র্যাক অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত