চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের আগে আতলেতিকো মাদ্রিদের দুই সদস্য নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
এই দুই সদস্য ফুটবলার কি না বা তাদের নাম কী, সে বিষয়ে কিছু জানায়নি স্পেনের ক্লাবটি। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে এসে এটি প্রথম করোনা সংক্রান্ত ঝামেলা।
পর্তুগালের লিসবনে বুধবার থেকে শুরু হবে শেষ আটের লড়াই। সেমিফাইনাল এবং ২৩ আগস্টের ফাইনালও এখানে হবে।
কোয়ার্টারে অংশ নিতে যাওয়া অন্য কোনো ক্লাবের কেউ করোনায় সংক্রমিত হননি।
আতলেতিকো জানিয়েছে, পজিটিভ রেজাল্ট আসার পরপরই তারা স্পেন এবং পর্তুগালের কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করেছেন। জানানো হয়েছে উয়েফাকেও।
বিবৃতিতে ক্লাবটি বলেছে, লিসবনে যাওয়ার আগে ক্লাবের সবাইকে নতুন করে করোনার পরীক্ষা করানো হবে।
১৩ আগস্ট রাত একটায় লেইপজিগের বিপক্ষে লড়বে দলটি।
এর আগে ১২ তারিখ প্রথম ম্যাচে মুখোমুখি হবে পিএসজি এবং আতালান্তা। বার্সেলোনা-বায়ার্নের ম্যাচ হবে ১৪ তারিখ। পরের দিন খেলবে ম্যানসিটি এবং লিঁও। সব ম্যাচই রাত একটায়।
