কুপিয়ে জখমের পর হাসপাতাল নেয়ার পথে ছাত্রলীগ নেতার ওপর ফের হামলা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৬:৩১ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে রুবেল হোসেন নামে উপজেলা ছাত্রলীগের এক নেতার ওপর অতর্কিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার পৌর সদরের তিন শ গজ উত্তরে অছিমিয়া ব্রিজে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার ওপর আবার হামলা হয়।  

আহত রুবেল হোসেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

রুবেল হোসেনের মামা ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজদ্দৌলা জানান, রুবেলকে কুপিয়ে আহত করার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে কিছু ছেলে লাঠিসোটা নিয়ে আবার হামলা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এখনও সে শঙ্কামুক্ত নয়। 

তবে কী কারণে কারা হামলা চালিয়েছে সেই সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। 

মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, ‘এটি ছেলেদের মধ্যে বিক্ষিপ্ত একটি ঘটনা বলে মনে করছি। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি’।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী বলেন, রুবেলের ওপর হামলার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করবে উপজেলা নেতৃত্বের কাছে।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং আহত নেতাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তবে কেউ এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত