আলুর তরকারি না খেতে চাওয়ায় স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৮:৫১ পিএম

আলুর তরকারি রান্না করেছিলেন স্ত্রী। কিন্তু ডায়াবেটিসের কারণে স্বামী তা খেতে চাননি। আর তাতেই ক্ষিপ্ত হয়ে স্বামীকে বেধড়ক পিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্ত্রী!

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরের ভাসনা এলাকায় এ ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার হর্ষদ গোহেল (৪০) গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার কাঁধের হাড় ভেঙে গেছে। স্ত্রীর বিরুদ্ধে তিনি একটি এফআইআর দায়ের করেছেন।

হর্ষদ অভিযোগ করেন, স্ত্রী তারার সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। গত শুক্রবার (৭ আগস্ট) রাতে তিনি জানতে চান-কী রান্না হয়েছে? স্ত্রী জানান, তিনি আলুর তরকারি রান্না করেছেন। আর সঙ্গে রয়েছে রুটি।

হর্ষদ জানান, আমি তখনই মানতে চাইনি। তারাকে জিজ্ঞাসা করি আমার শরীরের জন্য আলু ভালো নয় জেনেও কেন সে আলুর তরকারি রান্না করল? এই কথা আমার স্ত্রীর ভালো লাগেনি। এরপরই ও আমাকে মারধর করতে শুরু করে।

জানা গেছে, মার খেয়ে হর্ষদ প্রাণে বাঁচতে চিত্‍‌কার শুরু করেন। তখন পরিবার চিত্‍‌কার শুনে সেখানে ছুটে গিয়ে তারার হাত থেকে উদ্ধার করে তাকে। পরে গুরুতর জখম অবস্থায় এলিসব্রিজ এলাকায় ভিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় হর্ষদকে। তার ডান কাঁধের হাড় ভেঙে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত