চট্টগ্রামের মিরসরাইয়ে রুবেল হোসেন নামে উপজেলা ছাত্রলীগের এক নেতার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসদরের অদূরে অছিমিয়া সেতুর ওপর এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরের একটি হাসপাতালে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার ওপর আবার হামলার ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
রুবেলের মামা ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজদ্দৌলা জানান, রুবেলকে কুপিয়ে আহত করার খবর পেয়ে তিনি সেবা হাসপাতালে ছুটে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে কিছু ছেলে লাঠিসোঁটা নিয়ে আবার হামলা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এখনো তিনি শঙ্কামুক্ত নন বলে জানান তিনি। তবে কী কারণে কারা হামলা চালিয়েছে, সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী বলেন, রুবেলের ওপর হামলার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে। মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
