চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে তেজগাঁও পর্যন্ত ১০টি ইউটার্নের কাজ সম্পন্ন হবে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা থেকে তেজগাঁও নাবিস্কো পর্যন্ত ইউটার্নগুলোর নির্মাণকাজ পরিদর্শনকালে এ ঘোষণা দেন মেয়র।
তিনি বলেন, আমরা দেখেছি উত্তরায় রাজলক্ষ্মীর সামনে এবং জসীম উদ্দীন মোড়ে কী রকম জ্যাম হতো। এ কাজটির পরিকল্পনা ২০১৬ সালে নেওয়া হয়েছিল। মেয়র আনিসুল হকের মৃত্যুতে কাজটি থমকে গিয়েছিল। আমি নয় মাসের জন্য নির্বাচিত হওয়ার পর আমার একটা কমিটমেন্ট ছিল যে, আনিসুল হকের এ স্বপ্ন বাস্তবায়ন করা হবে। তার স্বপ্নগুলোর মধ্যে এটি অন্যতম ছিল। পরবর্তীকালে দেখা গেল এখানে সড়ক ও জনপদের জমি আছে।
