চীনের ল্যাবে নভেল করোনাভাইরাসের উৎস না খুঁজে যুক্তরাষ্ট্র নিজেদের ফোর্ট ডেটরিক গবেষণাগারে খুঁজতে পারে বলে মন্তব্য করেছে চীন।
চীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ঝাও লিজিয়ান এবিসি নিউজের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘আমরা জানি যুক্তরাষ্ট্রের কিছু কিছু মানুষ করোনা সম্পর্কে নিজস্ব ধারণা নিয়ে আছে। আমরা যত দূর বুঝতে পারছি তাতে মনে হচ্ছে ভাইরাসটি ল্যাব থেকে সৃষ্টি হয়নি।’
‘আমরা সত্যিকার অর্থে আশা করছি যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনী নিয়ন্ত্রিত গবেষণাগারগুলো সাংবাদিকদের জন্য খুলে দেবে। সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার উৎস খোঁজার আমন্ত্রণ জানাবে, যাতে আমেরিকানরা ভাইরাসটি সম্পর্কে সত্যিটা জানতে পারে।’
চীন গত মার্চেও একই ধরনের কথা বলে। ওই সময় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে বলা হয়, চীনের ইন্টারনেট বিশেষজ্ঞরা ফোর্ট ডেটরিক গবেষণাগার সম্পর্কে আরও তথ্য চাচ্ছেন।
চীন বলছে, ভাইরাসটি তাদের দেশে ছড়িয়ে পড়ার পরপরই গবেষণাগারটি বন্ধ করে দেওয়া হয়।
চীনের আরেক সংবাদমাধ্যম সিনহুয়া ওই সময় বলে, এটা ঠিক যে ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল চীনে। কিন্তু তার মানে এই নয় যে, ভাইরাসটির ‘জন্ম’ চীনে।
ঝাও লিজিয়ান তখন টুইটারে লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের সেনারা উহানে নতুন করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারেন।
