রাজধানীতে নির্মানাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১০:০৭ পিএম

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে সোহাগ (১৯) ও মেহেদী (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে আগারগাঁও বিএনপি বাজার এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে পড়ে মৃত্যু হয় সোহাগের। আর বেলা ১২ টার দিকে বনশ্রীতে নির্মানাধীন ভবন থেকে পড়ে মৃত্যু হয় মেহেদীর।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহাগের সহকর্মী শহিদুল ইসলাম জানান, সোহাগের বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার বোরকা বাজার এলাকায়। রড মিস্ত্রীর হেল্পার হিসেবে কাজ করতেন তিনি। শুক্রবারই বিএনপি বাজারে একটি নির্মানাধীন ৬তলা ভবনে কাজে যান। শনিবার সকালে ভবনটির ২য় তলার ছাদের একপাশে রডের কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যায় সোহাগ। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সরাসরি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাজধানীর বনশ্রীতে শনিবার বেলা ১২টার দিকে ভবন থেকে পড়ে মেহেদী নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আনারুল ইসলাম জানান, তিনি বনশ্রীর স্বপ্ননীড় প্রজেক্টের নির্মানাধীন ৯তলা ভবনে রাজ মিস্ত্রীর কাজ করেন। মেহেদী একই ভবনে ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করে। শনিবারই মেহেদী ওই ভবনে কাজে এসেছে। কাজ করার সময় বেলা ১২টার দিকে ৪ বা ৫ তলা থেকে সে নিচে পড়ে যায়। নিচে থেকে তাকে পড়তে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত