সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকীতে তার আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে রাজধানী ঢাকাসহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি।
কেন্দ্রীয়ভাবে শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন। দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল হলেও দোয়া মাহফিলের ব্যানারে জন্মদিনের কোনো কথা লেখা ছিল না। ব্যানারে লেখা ছিল- ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতার কামনা, দেশবাসী ও দলের নেতা-কর্মীদের করোনা ও অন্যান্য রোগে মৃত্যুবরণে তাদের আত্মার মাগফিরাত কামনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা থেকে রেহাই পেতে দোয়া ও মিলাদ মাহফিল।
দলটির একাধিক নেতা কর্মী দেশ রূপান্তরকে বলেন, এটা ছিল একটি কৌশল। এটা না করলে প্রশাসনের দিক থেকে বাধা দেয়া হতো বলে মনে করেন তারা।
মাহফিলে দলের কয়েক‘শ নেতা-কর্মী সমবেত হন। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী উলামা দলের সদস্যসচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার।
মাহফিলে বক্তব্য প্রদানকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, আয়নায় নিজেদের চেহারা দেখুন।
বিএনপি দুর্নীতির পৃষ্ঠপোষক বলে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে রিজভী এ কথা বলেন।
তিনি বলেন, পদ্মাসেতু, হলমার্ক, ক্যাসিনো বাণিজ্য, রিজেন্ট হাসপাতাল, জেকেজি হাসপাতাল, করোনার ভুয়া সার্টিফিকেট, ভুয়া মাস্ক কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লুট এসব কী বিএনপির আমলে হয়েছিল? আসলে আপনাদের চোখে লজ্জা নেই। সে জন্য এসব কথা বলতে পারেন।
দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল। বিএনপি নেতাদের মধ্যে মিলাদে অংশ নেন আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, শামীমুর রহমান, ডা. রফিকুল ইসলাম, হায়দার আলী খান লেনিন, কাজী আবুল বাশার, রফিক শিকদার, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্র দলের ফজলুর রহমান খোকন, জাসাসের জাকির হোসেন রোকন, শাহরিয়ার ইসলাম শায়লা, জাহাঙ্গীর আলম রিপন প্রমুখ।
কেরানীগঞ্জে বাধা : আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বাধার কারণে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করতে পারেনি কেরানীগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা। পরে তারা দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নেন থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা আলী হোসেন, খোরশেদ আলম প্রমুখ।
ড্যাবের কর্মসূচি: খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রবিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এছাড়া এতিমখানায় দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
