বোনের ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মর্জিনা নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ শহরে খাদ্য গোদাম রোড এলাকায় শনিবার রাতে। অভিযুক্ত রুবেল পালিয়ে গেছেন। নিহত মর্জিনা ভিংরাজ মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
হবিগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, ওইদিন রাত ৯টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে মর্জিনার ছেলে এমরানের সাথে রুবেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল (১৭) একটি ছুরি নিয়ে এমরানের ঘরে যায়। এমরানকে না পেয়ে খালা মর্জিনার সাথে তর্কে লিপ্ত হয়। এসময় উত্তেজিত রুবেল ছুরি দিয়ে মর্জিনার (৪০) পেটে আঘাত করেন। গুরুতর আহত মর্জিনাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনার মূল কারণ সম্পর্কে খতিয়ে দেখছে পুলিশ। রোববার ময়নাতদন্ত শেষে মর্জিনাকে দাফন করা হয়। মামলার প্রস্তুতি চলছে। রুবেল ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যায়।
