রাজধানীর রামপুরায় বন্ধুর বাসায় স্বামীর খোঁজ নিতে গিয়ে এক গৃহবধূ (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরার পূর্ব হাজিপাড়ায় এ ঘটনা ঘটে জানিয়ে থানায় মামলা করেছেন ওই নারী। মামলার পর অভিযুক্ত ধর্ষক মহর আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রবিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এজাহারের বরাত দিয়ে রামপুরা থানার উপপরিদশর্ক (এসআই) মো. রেজাউল করিম জানান, রামপুরায় স্বামীর সঙ্গে থাকেন ভুক্তভোগী নারী। আগে গার্মেন্টসে চাকরি করলেও বর্তমানে বেকার তিনি। শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। এতে স্বামী রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর স্বামীর বন্ধু মহর আলী ওই নারীকে ফোন করে জানান, তিনি যেন এসে তার স্বামীকে বুঝিয়ে বাসায় নিয়ে যান। এরপর রাত সাড়ে ১০টার দিকে সেখানে গেলে মহর তাকে ধর্ষণ করে। এরপর বাসায় ফেরার এক পর্যায়ে স্বামীকে ধর্ষণের ঘটনা খুলে বলেন। পরে গতকাল দুপুরে স্বামী-স্ত্রীর অভিযোগ মামলা আকারে নেওয়ার পর মহর আলীকে গ্রেপ্তার করা হয়। আর গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
