ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামী ক্ষুদিরাম বসুকে ১৮ বছর ৭ মাস ১১ দিন বয়সে ফাঁসি দেওয়া হয়। উপমহাদেশের কনিষ্ঠতম এ বিপ্লবীর ছবি দেখা গেল থানায় টানানো সন্ত্রাসবাদীদের তালিকায়। জি-ফাইভের ওয়েব সিরিজ ‘অভয় টু’র এই দৃশ্যের ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেট দুনিয়ায়। সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইল ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মটি।
রবিবার সৈয়দ নাজিয়া হাসান নামে এক প্রোফাইলে ‘অভয় টু’র একটি দৃশ্যের ছবি টুইট করা হয়। যেখানে থানায় বসে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ অফিসার অভয় প্রতাপ সিং ওরফে কুণাল খেমু। পাশের অপরাধীদের আঁকা ছবি টাঙানো বোর্ডের দিকে তাকাতেই চোখ কপালে ওঠার জোগাড়। অপরাধীদের তালিকায় রয়েছে বিপ্লবী ক্ষুদিরামের ছবি।
টুইটে নাজিয়া লেখেন, “বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু জি ফাইভের ওয়েব সিরিজ ‘অভয় টু’তে পলাতক অপরাধীর তালিকায়। (অবশ্য সিবিএসই কিংবা আইসিএসই’র পড়ুয়ারা চিনতে পারবেন না) তবে এখানে যদি আন্নাদুরাই, এমজি রামচন্দ্রণ কিংবা এনটি রামা রাও-এর ছবি থাকত তাহলে দাক্ষিণাত্য কতটা ক্ষোভে ফেটে পড়ত বলুন তো!”
ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় প্রতিবাদ। টুইটারে ‘ব্যান জি ফাইভ’ হ্যাশট্যাগ দিয়ে শুরু হয় প্রচার।
এমন চাপের মুখে নতি স্বীকার করেছে জি ফাইভ। তারা নিঃশর্ত ক্ষমাও চাইল।
জি ফাইভের পক্ষ থেকে জানানো হয়, ভুলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কারো ভাবাবেগে আঘাত করার কোনো অভিপ্রায় প্রযোজক, পরিচালক বা ওয়েব প্ল্যাটফর্মের ছিল না। দৃশ্যটি ব্লার করে দেওয়া হচ্ছে।
করজোড় করা হাতের ইমোজি পোস্ট করে টুইট শেয়ার করেছেন পরিচালক কেন ঘোষ।
