আরব আমিরাতের আবুধাবি থেকে ৬৮ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সকালে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিক্ষোভ করেন তারা। তারা আবুধাবিতে ফেরত পাঠানোর দাবিতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার আবুধাবিতে যাওয়ার পর বিমানবন্দরেই ৬৮ প্রবাসীকে আটকে দেওয়া হয়। তাদের ইমিগ্রেশন না করিয়েই বিমানের ফিরতি ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়। তারা যেসব কোম্পানি বা এজেন্সির মাধ্যমে আবুধাবিতে গিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠানের অনুমোদন আবুধাবি সরকার বাতিল করে দেয়। এ কারণে দেশটিতে তাদের ঢুকতেই দেওয়া হয়নি।
তবে বিকেলে বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরে আসার পর ইমিগ্রেশনের সামনে ৬৮ জন প্রবাসী বিক্ষোভ শুরু করেন। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের মধ্যে অনেকে বিমানবন্দর ছেড়ে চলে গেছেন।
