সাতক্ষীরার তালায় চিংড়ি ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধ লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমানকে আটক করেছে।
এদিকে থানায় আটক ভাইস চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তালা উপজেলা সদরে গ্রামবাসী বিক্ষোভ-মিছিল করেছে। একই দাবিতে তারা থানার সামনে তালা-পাইকগাছা সড়কে যানবাহন বন্ধ করে দিয়ে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধরা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তালা সদর ইউনিয়নের জিয়ালা নলতায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী তাদের নিজেদের ঘেরে মাছ ধরছিলেন। এ সময় পার্শ্ববর্তী মশিউর রহমানের ঘের থেকে তিনি মাছ চুরি করেছেন বলে অভিযোগ করা হয়। মশিউর রহমানের ঘের কর্মচারী রনি ও কয়েকজন সেলিমকে মারধর করে ভাইস চেয়ারম্যানের কাছে নিয়ে যান।
এ খবর পেয়ে সেলিমের বাবা লুৎফর নিকারী তার বাড়িতে যান। এ সময় ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, তালা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি তুহিন ও ঘের কর্মচারী রনিসহ কয়েকজন লুৎফর নিকারী ও তার ছেলে সেলিমকে লাঠিসোঁটা দিয়ে বেপরোয়াভাবে মারধর করতে থাকে। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে দুজনকেই তালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার রাত সাড়ে ১২টার দিকে লুৎফর নিকারীকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পোস্টমর্টেমের জন্য লুৎফর নিকারীর লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
