নছিমন পালা, গম্ভীরাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটার আয়োজিত তিন দিনব্যাপী সেলিম আল দীন জন্মোৎসব।
নাট্যকার সেলিম আল দীনের ৭১তম জন্মদিন ১৮ আগস্ট। ১৯৪৯ সালের এই দিনে ফেনী জেলার সোনাগাজি থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মফিজউদ্দিন আহমেদ ও ফিরোজা খাতুন দম্পতির তৃতীয় সন্তান সেলিম আল দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং নাট্য সংগঠন স্বপ্নদল, শিশুদের সংগঠন ‘ভোর হলো’ পৃথক আয়োজনের মাধ্যমে উদ্যাপন করছে সেলিম আল দীনের ৭১তম জয়ন্তী।
মঙ্গলবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা থিয়েটার, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, গ্রাম থিয়েটার, ভোর হলো, হাকিম আলী গায়েন থিয়েটার, স্বপ্নদলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ, জাবি শিক্ষক আফসার আহমেদ, রেজা আরিফ, রূবাইয়াৎ আহমেদ, হাবিব মাসুদ, ঢাকা থিয়েটারের সদস্য সউদ চৌধুরীসহ অনেকে।
পরে রাত ৯টায় ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় গ্রাম থিয়েটার আয়োজিত তিন দিনব্যাপী সেলিম আল দীন জন্মোৎসবের আয়োজন। প্রথম দিনের পরিবেশনায় ছিল নছিমন পালা, গম্ভীরা, লালনগীতি, তথ্যচিত্র প্রদর্শন। বুধবার, একই সময়ে থাকবে নাটক, আলোচনা, লোকপালা, সংগীত ও তথ্যচিত্র। জন্মোৎসবের সমাপনী দিন থাকবে সেমিনার, নাটক ও তথ্যচিত্র প্রদর্শন।
দিনটি উদ্যাপন করতে জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ পৃথক অনুষ্ঠান আয়োজন করে। তাদের আয়োজনে ছিল নাটকের সংলাপ পাঠ, নৃত্য, সংগীতসহ নানা আয়োজন। ‘রূপান্তরের বর্ণচিহ্ন সাদা সারসের দলে’ শীর্ষক এই আয়োজনে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন চেতনা রহমান ভাষা, জিন্নাহ, কনক, পূজাসহ অনেকে।
অন্যদিকে নাট্য সংগঠন স্বপ্নদল আয়োজিত দু'দিনব্যাপী সেলিম আল দীন জন্মোৎসব শুরু হয়েছে মঙ্গলবার রাত ৮টায়। এই আয়োজনের প্রথম দিনে নাট্যকারের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা, ভিডিও প্রদর্শন হয়। বুধবার ডিজিটাল প্রিমিয়ার হবে দলটির প্রযোজনার 'হরগজ'। ফেসবুক লাইভে সরাসরি দেখা যাবে আয়োজনটি।
