সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০১:০৯ পিএম

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন আদালত বন্ধের প্রেক্ষাপটে চলতি বছরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারে ৩১ আগস্ট থেকে সাপ্তাহিক ছুটিসহ পুরো সেপ্টেম্বর মাসে অবকাশকালীন ছুটি ছিল।

করোনাভাইরাস মহামারীর কারণে মার্চ থেকে এক মাসের বেশি সময় আদালত সম্পূর্ণ বন্ধ থাকায় অবকাশকালীন ছুটি বাতিলের আহ্বান জানিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সার্বিক পরিস্থিতি নিয়ে গত ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিদের নিয়ে অনুষ্ঠিত সভায় তা বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে সারা দেশে ছুটি ঘোষণা করে। তখন দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করে সুপ্রিম কোর্টও। সরকারের সাধারণ ছুটির সঙ্গে আদালতের সাধারণ ছুটিও কয়েক দফা বাড়ানো হয়।

তবে সংসদে আইন পাসের মাধ্যমে গত ১১ মে থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের অধস্তন ও ১২ মে থেকে উচ্চ আদালতে ভার্চুয়াল বিচারকাজ শুরু হয়।

সরকার ৩০ মে পর সাধারণ ছুটি আর না বাড়ালেও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে চলছিল দেশের অধস্তন আদালতের বিচারকাজ।

পরে গত ৩০ জুলাই অধস্তন আদালতে শারীরিক উপস্থিতির মাধ্যমে স্বাভাবিক বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত হয়। চার মাস পর গত ৫ আগস্ট থেকে দেশের অধস্তন আদালতে শুরু হয় স্বাভাবিক বিচারকাজ।

এরপর ১২ আগস্ট থেকে ভার্চুয়াল বেঞ্চের পাশাপাশি নিয়মিত বেঞ্চে চলছে উচ্চ আদালতের বিচারকাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত