চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিন শাহ্ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
পরে তার তথ্যমতে উপজেলার বটতলী রুস্তমহাটের হাজী ইমাম শপিং সেন্টারের তৃতীয় তলার নিজ বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নাছির শাহ্ উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের মৃত আবদুচ ছবুরের ছেলে।
তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিন শাহকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসা থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ, সাতটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। বুধবার সকালে তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
