কর্ণফুলী টানেল সড়কে ব্যয় বাড়ল ৫৭ কোটি, মেয়াদ ৬ মাস

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কের উন্নয়নকাজ এখনো শেষ হয়নি। ভূমি অধিগ্রহণের জটিলতা, বিদ্যুতের খুঁটি অপসারণসহ নানা প্রতিবন্ধকতায় বারবার পিছিয়েছে কাজ শেষ করার সময়সীমা। এবার প্রকল্পের একটি প্যাকেজে ব্যয় বেড়েছে প্রায় ৫৭ কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এতে শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দীঘির মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যয় ও সময়- দুটিই বেড়েছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ সূত্র জানায়, কর্ণফুলী টানেলের সুফল নিশ্চিত করতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড় পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ‘কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়।

২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়। এতে মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ৪০৭ কোটি টাকা। প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ২৬৬ কোটি ১৪ লাখ টাকা। ২০২০ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কয়েক দফায় মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছিল।

প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের জটিলতা এবং সড়কের ওপর থাকা বিদ্যুতের খুঁটি অপসারণসহ বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দেয়। এসব কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি।

সর্বশেষ গত ১২ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পের একটি প্যাকেজে অতিরিক্ত ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার ৩১৫ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে প্যাকেজটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বেড়েছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ। পাশাপাশি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও তাহের ব্রাদার্স লিমিটেডের যৌথ উদ্যোগে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

এদিকে দীর্ঘদিন ধরে উন্নয়নকাজ চললেও সড়কের বিভিন্ন স্থানে এখনো কাজ অসমাপ্ত রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকেরা। বিশেষ করে ফকিরনীর হাট, বাদামতল ফাজিল খার হাট, মিয়ার হাট, ডাকপাড়া ও চাতরী চৌমুহনী এলাকায় সড়কের কাজ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। চাতরী চৌমুহনী বাজারে দুটি ভবন অপসারণ ও জমি অধিগ্রহণের বিষয়টিও কাজের অগ্রগতিতে আলোচনায় এসেছে।

সরেজমিন দেখা গেছে, কর্ণফুলী টানেলকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হলেও সংযোগ সড়কের কাজ দীর্ঘায়িত হওয়ায় ব্যবহারকারীরা এখনো পুরোপুরি সুফল পাচ্ছেন না। কোথাও সড়ক সম্প্রসারণ, আবার কোথাও সংকোচনের কারণে যান চলাচলে অসামঞ্জস্য তৈরি হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি অসমাপ্ত কাজের কারণে সড়কজুড়ে ধুলাবালি ও জনদুর্ভোগও বেড়েছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, শিকলবাহা-আনোয়ারা সড়ক সম্প্রসারণ প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত