সিদ্ধিরগঞ্জে ভবন থেকে পড়ে দুলাল (৩৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায়’ একটি ওষুধ কোম্পানির নির্মাণাধীন ভবনে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাত ৮টায় তার মৃত্যু হয়।
জানা যায়, নির্মাণাধীন ওই ভবনে ওয়েল্ডিং এর কাজ করছিলেন দুলাল। রাত ৩টার দিকে ভবন থেকে নিচে পড়ে যান। এ সময় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।
এরপর রাত ৮টায় তার মৃত্যু হয়। দুলালের বাবার নাম মৃত আব্দুল মান্নান। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জের চন্ডিপুর গ্রামে।
নিহতের স্বজন আল-আমিন বলেন, আমরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করব।
ওই ওষুধ কোম্পানিটির প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ জানান, লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
