স্বাস্থ্যের কালো তালিকার ঠিকাদার মনজুরের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১২:৩০ এএম

সাড়ে ৪ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এস কে ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মনজুর আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।

বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে নিম্নমানের সরঞ্জাম সরবরাহসহ নানা জালিয়াতির অভিযোগে দুদকের সুপারিশের পর গত ৯ জুলাই এস কে ট্রেডার্সসহ ১৪ ঠিকাদারি প্রতিষ্ঠান ও তাদের মালিককে ‘কালো তালিকাভুক্ত’ করার বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। মনজুর আহমেদের এস কে ট্রেডার্স ছাড়াও মেসার্স ম্যানিলা মেডিসিন নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে।

দুদকের এজাহারে বলা হয়, আসামি অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৯৬৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন করেছেন এবং কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৮৫ লাখ ৪৬ লাখ ৯৭৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।  জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্জিত সম্পদ সম্পর্কে তথ্য গোপন করায় মামলাটি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত